গরমে ঘর হবে এসির মতোই ঠাণ্ডা, ফ্যান চালানোর এই কৌশলটি জানেন কি!
বর্তমান ডেস্কঃ
গ্রীষ্মের তীব্র দাবদাহে ফ্যানের সর্বোচ্চ গতিতেও ঘরের অসহ্য গরম থেকে মুক্তি পেতে কার্যকর কৌশল হলো ‘ক্রস ভেন্টিলেশন’। সাধারণত ফ্যান শুধুমাত্র অভ্যন্তরীণ গরম বাতাস ঘুরিয়ে দেয়, ঘর শীতল করতে পারে না। কিন্তু ক্রস ভেন্টিলেশন পদ্ধতিতে ঘরের বিপরীতমুখী দুটি জানালা বা দরজা খুলে দিলে বাইরের শীতল বাতাস প্রবেশ করে এবং ভেতরের গরম বাতাস বেরিয়ে যায়, যার ফলে ঘর প্রাকৃতিকভাবে শীতল থাকে।
এই প্রক্রিয়ায় দুটি ফ্যান ব্যবহার করলে অধিক সুফল পাওয়া যায়, যার একটি জানালার দিকে মুখ করে গরম বাতাস বাইরে বের করে দেয় এবং অন্যটি বাইরের শীতল বাতাস ভেতরে টেনে আনে। একটি ফ্যান থাকলে সেটিকে জানালার কাছে বাইরের দিকে মুখ করে রাখতে হবে। এছাড়া সিলিং ফ্যান ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে বাতাস নিচের দিকে প্রবাহিত করলে শীতলতা বাড়ে। এই কৌশলগুলো সকাল ও সন্ধ্যায় প্রয়োগ করা বেশি কার্যকর, কারণ এ সময় বাইরের তাপমাত্রা ঘরের ভেতরের চেয়ে কম থাকে।