ভোটার তালিকায় নাম নেই? মিলবে না সরকারি সুবিধা!
অযোগ্য উপভোক্তা ও ভিন রাজ্যের বাসিন্দাদের সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া রুখতে কড়া পদক্ষেপ নিল কর্ণাটক সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, একমাত্র কর্ণাটকের ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদেরই সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। রাজ্যে চলমান এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে সংশ্লিষ্ট গ্রাহকরা সরাসরি সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন।
সরকারি তহবিলের অপচয় রোধ এবং প্রকৃত যোগ্য নাগরিকদের কাছে সুবিধা পৌঁছে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নজরে এসেছে যে, বিদেশি নাগরিক ও ভিন রাজ্যের বাসিন্দারা অন্যায্যভাবে রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা নিচ্ছেন। নতুন এই নিয়মের আওতায় রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, যার মধ্যে ‘গৃহ জ্যোতি’, ‘গৃহলক্ষ্মী’, ‘অন্ন ভাগ্য’, ‘শক্তি’ এবং ‘যুব নিধি’ অন্তর্ভুক্ত। সুবিধা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট প্রকল্পের উপভোক্তাদের ভোটার তালিকায় নিজেদের নাম নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।