ভারতের সিদ্ধান্তে ৫০০ মিলিয়ন ডলারের ব্যবসা উধাও, আক্ষেপে তুরস্ক!
ভারতের মাটিতে ২৫ বছর ধরে গড়ে ওঠা তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশনের ব্যবসায়িক সাম্রাজ্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে। ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সংস্থার যোগসাজশের গুরুতর অভিযোগ ওঠায় মে মাসে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করে। এর ফলে ভারতের বিভিন্ন বিমানবন্দরে কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ও যাত্রী পরিষেবাসহ অত্যন্ত সংবেদনশীল কার্যক্রম পরিচালনাকারী এই সংস্থার প্রায় ৫০০ মিলিয়ন ডলারের ব্যবসা কার্যত ধূলিসাৎ হয়ে গেছে।
নিরাপত্তা ছাড়পত্র বাতিলের পরপরই সংস্থার যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয় এবং প্রায় ১০ হাজার কর্মীকে অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সেলেবি অ্যাভিয়েশন দিল্লি হাইকোর্টে আবেদন জানালে আদালত তা নাকচ করে দেয়। তুরস্ক সরকারের সঙ্গে বা প্রেসিডেন্ট এরদোয়ানের পরিবারের সঙ্গে কোনো অংশীদারিত্বের বিষয়টি সংস্থাটি অস্বীকার করলেও, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করতে রাজি হয়নি আদালত। এই কঠোর পদক্ষেপের মাধ্যমে ভারতের মাটিতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বার্তা নিশ্চিত করা হয়েছে।