ভারতের ব্যাঙ্কে আটকে থাকা ইরানের ৫৬ হাজার কোটি টাকা, কেন নীরব নয়াদিল্লি?

বর্তমান ডেস্কঃ

বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা নিজস্ব বিপুল পরিমাণ সম্পদ উদ্ধারে যুক্তরাষ্ট্রের ওপর ক্রমাগত চাপ বাড়ছে ইরানের। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে বিশ্বের নানা প্রান্তে তেহরানের প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ ‘ফ্রিজ’ বা অবরুদ্ধ হয়ে আছে। এর মধ্যে কেবল ভারতেই আটকে আছে প্রায় ৭ বিলিয়ন ডলার বা প্রায় ৫৬ হাজার কোটি রুপি। মূলত অতীতে ইরান থেকে কেনা অপরিশোধিত তেলের মূল্য পরিশোধের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই অর্থ সরাসরি তেহরানে পাঠাতে না পারায় তা ভারতীয় ব্যাংকগুলোতে জমা পড়ে আছে।

১৯৭৯ সালের ইরানি ইসলামী বিপ্লব পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি এবং ওয়াশিংটনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ইরানের এই অর্থ লেনদেন ব্যবস্থা ব্যাহত হয়েছে। চীন, ইরাক, জাপান ও কাতারসহ বেশ কয়েকটি দেশ ও ইউরোপীয় অঞ্চলে ইরানের বিপুল অর্থ একইভাবে আটকে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্বেগ হলো, এই অর্থ অবমুক্ত করলে ইরান তা সামরিক বা পারমাণবিক কর্মসূচিতে ব্যবহার করতে পারে। অন্যদিকে, তেহরানের দাবি, এটি তাদের অর্জিত বৈধ অর্থ এবং এর ব্যবহারের পূর্ণ অধিকার তাদেরই। বিশেষজ্ঞ ও ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন-ইরান সম্পর্কের উন্নতি এবং নিষেধাজ্ঞা শিথিল না হওয়া পর্যন্ত এই বিশাল অঙ্কের অর্থ উদ্ধারের পথ কার্যত বন্ধই থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *