ভারতের বদলে চিনকে বেছে নিলেন তারেক, তিস্তা ও যুদ্ধবিমান নিয়ে কি বড় বিপদ আসছে?
দায়িত্ব গ্রহণের পর প্রথা ভেঙে প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়া ও চিনকে বেছে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে চার দিনের চিন সফরে থাকা প্রধানমন্ত্রী আগামী ২৬ জুন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সফরে ঢাকা ও বেজিংয়ের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত ৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যেই বাংলাদেশ এই পদক্ষেপ নিয়েছে।
এই সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় তিস্তা নদী প্রকল্প এবং মংলা বন্দরের ১১০ একর জমিতে চিনা বিনিয়োগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি। এছাড়া চট্টগ্রামে ৩৪০ মিলিয়ন ডলার মূল্যের একটি চিনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা খাতে সম্পর্ক মজবুত করতে চিনের কাছ থেকে ৪০ মিলিয়ন ডলার মূল্যের ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে বাংলাদেশ, যা আগস্ট মাসের মধ্যে চূড়ান্ত হতে পারে। বাংলাদেশের এই পদক্ষেপ এবং চিনের সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে ঘিরে ভারতের কৌশলগত উদ্বেগের বিষয়টি সামনে আসছে, বিশেষ করে শিলিগুড়ি করিডরের কাছাকাছি তিস্তা এলাকায় চিনা আধিপত্য ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।