ভয়াবহ ভূমিকম্পের আগেই ফোনে অ্যালার্ট, ভেনেজুয়েলায় প্রাণ বাঁচাল গুগল!
লাতিন আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। এখন পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে ১৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন। ব্যাপক ধ্বংসযজ্ঞের এই পরিস্থিতির মধ্যেও গুগলের ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম’ ভেনেজুয়েলার বহু মানুষকে ভূমিকম্পের প্রাক্কালে সতর্কবার্তা পাঠিয়ে প্রাণ বাঁচাতে সহায়তা করেছে।
স্মার্টফোনের ভেতরে থাকা ‘অ্যাক্সেলেরোমিটার’ সেন্সরের মাধ্যমে গুগল এই সতর্কবার্তা প্রদান করে। ভূমিকম্পের সময় প্রথমে ধাবিত হওয়া ক্ষতিহীন ‘পি-তরঙ্গ’ (P-wave) এই সেন্সরের মাধ্যমে শনাক্ত করে সেকেন্ডের মধ্যে গুগলের সার্ভারে সিগন্যাল পাঠিয়ে দেওয়া হয়। আলোর গতিতে কাজ করা এই সিস্টেম ধ্বংসাত্মক ‘এস-তরঙ্গ’ (S-wave) বা মূল কম্পন পৌঁছানোর আগেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে সতর্কবার্তা পাঠিয়ে দেয়, যা ব্যবহারকারীদের নিরাপদ অবস্থানে সরে যাওয়ার সুযোগ করে দেয়।