ভয়াবহ জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, জারি সুনামি সতর্কতা!
ভেনেজুয়েলায় কয়েক মিনিটের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম কম্পনটির মাত্রা ছিল ৭.১, যার উৎপত্তিস্থল ছিল মোরোনের ১৩ কিলোমিটার গভীরে এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭.৫। শতাব্দীর অন্যতম এই ভয়াবহ ভূমিকম্পে রাজধানী কারাকাসে বেশ কিছু বহুতল ভবন ভেঙে পড়েছে এবং মাইকেতিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে।
ভূমিকম্পের প্রভাবে ভেনেজুয়েলা, আরুবা, বোনেয়ার, ভার্জিন আইল্যান্ডস এবং ডোমিনিকান রিপাবলিকের উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া শক্তিশালী এই কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও অনুভূত হয়েছে, যেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বহুতল ভবন থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার জাতীয় ছুটির দিনে এই বিপর্যয়ের ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে প্রশাসন ও উদ্ধারকারী দল তৎপরতা চালিয়ে যাচ্ছে।