তারাতলা বিপর্যয়ে কড়া প্রশাসন, গ্রেপ্তার ২!
কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের শেড ভেঙে পড়ার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এসএসকেএম হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে কলকাতা পুলিশের পক্ষ থেকে ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। এছাড়া, ঘটনার প্রেক্ষিতে আগামী ৩১ জুলাই পর্যন্ত কলকাতায় সমস্ত বাণিজ্যিক নির্মাণের কাজ বন্ধ রাখার এবং এই সময়ের মধ্যে প্রতিটি প্রকল্পের অডিট করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তদন্তের স্বার্থে পুলিশ ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা (Suo Moto Case) রুজু করেছে। এই ঘটনায় গাফিলতির অভিযোগে নির্মাণকাজের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত এবং সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজারকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আরও ৪ জনকে আটক করেছে তারাতলা থানা। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠিত এই ছয় সদস্যের বিশেষ তদন্ত দলে তারাতলা থানার দুই আধিকারিককেও রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে গোডাউনের নির্মাণ নকশায় ত্রুটির বিষয়টি উঠে এসেছে।