বেকার ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী, ৫৫ লক্ষ যুবকের স্বপ্ন কি তবে ভঙ্গ?
কলকাতা: রাজ্য সরকারের ‘যুবশক্তি ভরসা’ (পূর্বতন যুবসাথী) কার্ড নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবকের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের ৪ দিনের বিশেষ জনকল্যাণ শিবিরে এই কার্ডের জন্য আবেদনের সুযোগ পাওয়ার কথা থাকলেও, বাস্তবে তা না হওয়ায় আবেদনকারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বহু আবেদনকারী জানিয়েছেন, ক্যাম্পে গিয়েও তাঁরা এই কার্ডের কোনো পরিষেবা পাননি।
এই পরিস্থিতিতে রাজ্যের বেকার যুবকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে নবান্নের সাম্প্রতিক পরিসংখ্যান। শুক্রবার নবান্ন থেকে বিশেষ জনকল্যাণ শিবিরের সামগ্রিক তথ্য প্রকাশ করা হলেও, সেখানে যুবকদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা বেকার ভাতার কোনো উল্লেখ ছিল না। সরকারের এই নীরবতায় রাজ্যের পূর্বতন ‘যুবসাথী’ প্রকল্পের প্রায় ৫৫ লক্ষ উপভোক্তার মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে এবং প্রকল্পটি নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে।