বেঁচে থেকেও মৃত! কেন বন্ধ অসহায় বৃদ্ধার বার্ধক্য ভাতা?

বর্তমান ডেস্কঃ

নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পার চন্দননগরের ৮ নম্বর বুথ এলাকায় সরকারি নথিতে ‘মৃত’ ঘোষিত হওয়ায় এক বৃদ্ধ দম্পতি গত এক বছর ধরে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। ৯৪ বছর বয়সী পাঁচুগোপাল তরফদার এবং তাঁর স্ত্রী পার্বতী বর্তমানে চরম অনাহার ও মানবেতর জীবনযাপন করছেন। বিডিও অফিসে খোঁজ নিয়ে তাঁরা জানতে পেরেছেন, সরকারি নথিতে ভুলবশত তাঁদের মৃত দেখিয়ে কেন্দ্রীয় সরকারের এনএসএপি (NSAP) প্রকল্পের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে।

আর্থিক সংকটের কারণে ওষুধ ও দু’বেলা অন্ন সংস্থান করা দম্পতির পক্ষে আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভাঙা মাটির কুঠিরে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটানো এই দম্পতির বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা অশোক কুমার ঘোষ দম্পতির করুণ অবস্থার কথা স্বীকার করে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, বিজেপির বুথ সভাপতি শিবনাথ মুখোপাধ্যায় এবং পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ দাসের অভিযোগ, বারবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি এবং প্রশাসন প্রকৃত অভাবী মানুষের পাশে দাঁড়াচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *