বীরভূমে বিপুল বিস্ফোরক ও বর্ধমানে উদ্ধার ৩৮টি অস্ত্র, এসটিএফের জালে ৩ অপরাধী! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
পশ্চিমবঙ্গে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বীরভূমের মুরারই থানার বড়োয়া গোপালপুর গ্রামে ভোররাতে তল্লাশি চালিয়ে ১,১৫০টি জিলেটিন স্টিক, ৯৮৯টি ডিটোনেটর ও ১২ হাজার মিটার ডিটোনেটিং কর্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোহাম্মদ রেজা শেখ ও মুকেশ সিং নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব মারাত্মক বিস্ফোরক কী উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসটিএফ বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে। বেআইনি কয়লা কারবারে যুক্ত শেখ সাহাজান নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে তার কাছ থেকে ৬টি মাস্কেট, ৪টি ৭ মিমি পিস্তল ও ১১টি পাইপগানসহ ৬৫ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। এই মামলায় আগে গ্রেফতার হওয়া খাইরুল আলম ও মোহাম্মদ শামশেরসহ পুরো চক্রের কাছ থেকে মোট ৩৮টি আগ্নেয়াস্ত্র ও ১২২২ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে। দুই জেলায় এই সফল অভিযানে বড় ধরনের নাশকতার সম্ভাবনা নস্যাৎ করল পুলিশ।