বিশ্বকাপের আগে বড় বিপদ, মেসিকে নিয়ে তোলপাড়!
বর্তমান ডেস্কঃ
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে না যাওয়া এবং চুক্তি ভঙ্গের অভিযোগে লিয়োনেল মেসির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মায়ামির ইভেন্ট প্রোমোটার সংস্থা ‘ভিড মিউজিক গ্রুপ’ মেসি ও আর্জেন্টাইন ফুটবল সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬৫ কোটি ৩০ লক্ষ টাকা) ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। চুক্তি অনুযায়ী, চোট না থাকলে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট করে মেসির মাঠে থাকার কথা ছিল, যা ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মানা হয়নি বলে অভিযোগ।
২০২৫ সালের অক্টোবর মাসে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের স্বত্ব পেয়েছিল ওই সংস্থাটি। অভিযোগ রয়েছে, ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মেসি খেলেননি, অথচ পরদিনই তিনি ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন। এছাড়া ম্যাচ ভেন্যু পরিবর্তন ও প্রত্যাশিত দর্শক না মেলায় সংস্থাটির কয়েক মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে লিয়োনেল মেসি কিংবা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।