বিমানের ১০০ কোটির খরচ! মমতার ভাইপোকে বেনজির তোপ ঋতব্রতর
দলের বিলাসবহুল জীবনযাপন ও আকাশছোঁয়া খরচ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অভিষেককে ‘চার্টার্ড অভিষেক’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, চার্টার্ড ফ্লাইটে চড়ে রাজপথের লড়াই সম্ভব নয়। সোমবার তৃণমূলের বিদ্রোহী শিবিরের এক সাংগঠনিক বৈঠকে ঋতব্রত নতুন কমিটি গঠনের কথা ঘোষণা করেন। বৈঠকে অভিষেককে শোকজ করা নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিয়ে তিনি বলেন, এই বিষয়ে কোনও আলোচনা হয়নি।
তৃণমূলের অডিট রিপোর্ট অনুযায়ী, গত দুই বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ প্রায় ৯৩.৬৮ কোটি টাকা খরচ করা হয়েছে। এই বিপুল ব্যয়ের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুণাল ঘোষও। তিনি জানিয়েছেন, দলের তহবিল থেকে চার্টার্ড বিমানের খরচ করার বিষয়টি তিনি সমর্থন করেন না। এদিকে, বিদ্রোহী তৃণমূলের নবনিযুক্ত চেয়ারপার্সন অরূপ রায় জানিয়েছেন, লড়াই করা কর্মীদের পাশে দাঁড়াতেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা জোড়াফুল শিবিরের আদি ও নব্য দ্বন্দ্বকে চূড়ান্ত সংঘাতের দিকে নিয়ে গেল।