বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে বাংলার বাজেট, সফল হবেন কি স্বপন দাসগুপ্ত?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর গঠিত নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আজ সোমবার বিধানসভায় পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত। অষ্টাদশ বিধানসভার এই প্রথম বাজেটের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। চলতি অর্থবর্ষের অবশিষ্ট আট মাসের জন্য পেশ হতে যাওয়া এই বাজেটে মানুষের প্রত্যাশা পূরণ এবং রাজ্যের অগ্রগতির সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট পেশের আগে পরিস্থিতি পর্যালোচনা করতে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও নীতি আয়োগের সহ-সভাপতির সঙ্গে বৈঠক করেছেন।

নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হলো বর্তমানের প্রায় ৮ লক্ষ কোটি টাকার বিশাল ঋণের বোঝা সামাল দিয়ে রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করা। বর্তমানে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায়ের প্রায় ৭৫ শতাংশই ব্যয় করতে হয় ঋণ ও তার সুদ মেটাতে। এই কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যেও জনকল্যাণমূলক প্রকল্প সচল রাখা এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, শিল্পায়ন ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন সরকার এমএসএমই খাতের জন্য আধুনিক পরিকাঠামো নীতি, জমি নীতি সংস্কার এবং ‘ওয়ান উইন্ডো’ ব্যবস্থার মতো উদ্যোগ নিতে চলেছে। যুবসমাজের জন্য স্টার্ট-আপ নীতি, উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জন্য বিশেষ শিল্পনীতি এবং সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত বিষয়েও এই বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *