বিপদঘন হরমুজ : কেরালার বন্দরগুলিতে অভূতপূর্ব ভিড়!
হরমুজ সংকটে কেরালার ভিজিনজাম বন্দর, ভারতের নতুন বাণিজ্যিক ভরসা
হরমুজ প্রণালীর চলমান ভূ-রাজনৈতিক সংকটের ফলে বিশ্বজুড়ে সামুদ্রিক বাণিজ্য পথে বিঘ্ন ঘটছে। এর মধ্যেই কেরালার ভিজিনজাম বন্দর ভারতের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তিরুবনন্তপুরমের এই গভীর সমুদ্র বন্দরটি বর্তমানে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। কংগ্রেস সাংসদ শশী থারুরের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১০০টি জাহাজ এই বন্দরে নোঙর করার অপেক্ষায় রয়েছে। ভারতের প্রথম গভীর সমুদ্রের ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে এই বন্দরটি আন্তর্জাতিক মহলে দ্রুত নিজের গুরুত্ব প্রমাণ করছে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে শিপিং কোম্পানিগুলো এখন নিরাপদ ও নির্ভরযোগ্য বিকল্প পথের সন্ধান করছে। সেই শূন্যস্থান পূরণ করছে ভিজিনজাম। গত মার্চ মাসে এই বন্দরটি ৬১টি জাহাজ হ্যান্ডেল করে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এছাড়াও, রেকর্ড সময়ের মধ্যে ১ মিলিয়ন টিইইউ (TEU) কার্গো হ্যান্ডেল করার মাইলফলকও স্পর্শ করেছে। এই অভাবনীয় সাফল্যের ভিত্তিতে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
ভিজিনজম বন্দরটি বিশ্বের অন্যতম বড় ট্রান্সশিপমেন্ট হাব কলম্বো ও সিঙ্গাপুরের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। বন্দরের সক্ষমতা এমনভাবে বাড়ানো হচ্ছে যাতে একই সময়ে পাঁচটি বড় মালবাহী জাহাজ নোঙর করতে পারে। একসময় যে প্রকল্পের কার্যকারিতা নিয়ে সন্দেহ ছিল, সেই পরিকাঠামোই এখন বৈশ্বিক ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা বিশ্ব বাণিজ্যের গতিপথ পরিবর্তন করলেও, সঠিক পরিকল্পনার মাধ্যমে ভারত এই সংকটকে জাতীয় সম্পদে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে।