বিজেপি করায় যুবককে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূল নেতা!
উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার মোষপোল এলাকায় বিজেপি করার অপরাধে নুরুল হোসেন নামে এক বুথ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা আব্দুল মহিদ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। আক্রান্ত নুরুল হোসেনের বিরুদ্ধে মামলা করার জেরে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বারাসাত জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত বা তার কোনো সহযোগীকে এখনো গ্রেফতার করা হয়নি। আক্রান্তের পরিবার ও এলাকাবাসীর দাবি, অভিযুক্ত নেতা রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে। এছাড়া নীলগঞ্জ ফাঁড়ির এসআই সঞ্জীব রায়ের বিরুদ্ধে আর্থিক লেনদেনের বিনিময়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে পরিবার। অতীতেও অভিযুক্ত তৃণমূল নেতার নাম বাজি কারখানায় বিস্ফোরণ, তোলাবাজি, জমি ভরাট ও মাদক কারবারের মতো কর্মকাণ্ডে জড়িয়েছিল বলে অভিযোগ রয়েছে।