বাংলার মসনদে কি শুভেন্দু? আজই চূড়ান্ত হতে পারে নতুন মুখ্যমন্ত্রীর নাম

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই শতাধিক আসন নিয়ে বাংলায় ফুটল পদ্মফুল। রাজনৈতিক মহলের একাংশের ভবিষ্যদ্বাণী এবং এক্সিট পোলকে সত্য প্রমাণ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো রাজ্যে সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে ঐতিহাসিক এই জয়ের পর এখন জনমনে সবচেয়ে বড় প্রশ্ন—কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী।

রাজনাথ সিংয়ের উপস্থিতিতে হাইভোল্টেজ বৈঠক

রাজ্যের নতুন প্রশাসনিক প্রধান নির্বাচন করতে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আয়োজিত পরিষদীয় দলের বৈঠকে যোগ দিতে আজই রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মূলত তাঁর উপস্থিতিতেই স্থির হবে কার হাতে উঠতে চলেছে বাংলার শাসনভার। নির্বাচনপূর্ব প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বাংলা থেকেই কোনও বাঙালিকে মুখ্যমন্ত্রী করা হবে। সেই প্রতিশ্রুতি রক্ষায় দলের অন্দরে একাধিক নাম নিয়ে আলোচনা চললেও পাল্লা ভারী শুভেন্দুর দিকেই।

শুভেন্দুর সম্ভাবনা বনাম অভ্যন্তরীণ সমীকরণ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০৬টি আসনে জয়ের নেপথ্যে শুভেন্দু অধিকারীর লড়াকু মেজাজ এবং সাংগঠনিক দক্ষতার বড় ভূমিকা রয়েছে। তবে তাঁর পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে কিছু অভ্যন্তরীণ সমীকরণ। দিলীপ ঘোষ বা শমীক ভট্টাচার্যের মতো আদি বিজেপি নেতাদের পাশাপাশি শুভেন্দুর নাম উঠে এলেও, তাঁর আরএসএস (RSS) যোগ না থাকা এবং ‘তৃণমূল ত্যাগী’ পরিচয় নিয়ে দলের একাংশে মৃদু অসন্তোষের গুঞ্জন রয়েছে।

তা সত্ত্বেও বিধানসভা নির্বাচনে তৃণমূলকে কড়া টক্কর দিয়ে জয় ছিনিয়ে আনার পুরস্কার হিসেবে শীর্ষ নেতৃত্ব শুভেন্দুর ওপরেই ভরসা রাখতে পারেন বলে খবর। আজকের বৈঠকে সর্বসম্মতিক্রমে নাম চূড়ান্ত হওয়ার পরপরই সরকার গঠনের দাবি জানাতে রাজভবনে যাওয়ার কথা রয়েছে বিজেপি নেতৃত্বের। বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনায় আজ মঙ্গলবারই স্থির হতে পারে ‘রাজপুত্রের’ ভাগ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *