বঙ্গভোটে নজিরবিহীন সমীকরণ বদল, তৃণমূলকে টপকে ভোট শতাংশে শীর্ষে বিজেপি!
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পরিসংখ্যান বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, ২০২১ সালের বিপুল জনসমর্থন ধরে রাখতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। উল্টোদিকে, শতাংশের নিরিখে শাসকদলকে অনেকটা পিছনে ফেলে দিয়ে রাজ্যে প্রধান শক্তিতে পরিণত হয়েছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষাকে সত্যি করে দিয়ে এই বিশাল ভোট ব্যবধান বাংলার ক্ষমতার অলিন্দে বড়সড় ওলটপালট ঘটিয়ে দিয়েছে।
পদ্মশিবিরের রেকর্ড উত্থান ও তৃণমূলের ভোটব্যাঙ্কে ধস
এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বিজেপি। গেরুয়া শিবির ২০২১ সালের তুলনায় প্রায় ৮ শতাংশ ভোট বাড়িয়ে নবান্ন দখলের পথে কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩৭.৯৭ শতাংশ, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৮৪ শতাংশে। অর্থাৎ, গতবারের তুলনায় প্রায় ৬৩ লক্ষ বেশি ভোটার পদ্মফুলকে বেছে নিয়েছেন।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জন্য এই ফলাফল এক বড় বিপর্যয়। ২০২১ সালে ৪৮ শতাংশের বেশি ভোট পেয়ে ক্ষমতায় ফিরলেও এবার তা কমে দাঁড়িয়েছে ৪০.৮০ শতাংশে। পরিসংখ্যান বলছে, প্রায় সাড় ২৯ লক্ষ ভোটার গত পাঁচ বছরে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। শতাংশের বিচারে শাসকদলের ভোট কমেছে ৭.২২ শতাংশ।
দ্বিমুখী লড়াইয়ে প্রান্তিক বাম-কংগ্রেস
বিজেপি ও তৃণমূলের এই চরম মেরুকরণের লড়াইয়ে বামফ্রন্ট ও কংগ্রেস নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খেয়েছে। ভোট সংখ্যার বিচারে সামান্য বৃদ্ধি হলেও শতাংশের নিরিখে দুই শিবিরই পিছিয়ে পড়েছে। সিপিএমের ভোট শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.৪৫ শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট মাত্র ২.৯৭ শতাংশ। উল্লেখযোগ্য কোনো ভোট বাড়াতে না পারায় রাজ্যে লড়াইটি মূলত দ্বিমুখী আকার নিয়েছে, যেখানে বাম-কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
ভোট বদলের নেপথ্য কারণ ও প্রভাব
পরিসংখ্যান বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, তৃণমূলের হারানো ভোটের সিংহভাগই সরাসরি বিজেপির ঝুলিতে গিয়েছে। প্রায় ৭.২২ শতাংশ ভোট তৃণমূলের হারানো এবং বিজেপির ৭.৮৭ শতাংশ ভোট বৃদ্ধির অঙ্ক সেই সরাসরি ভোট হস্তান্তরেরই ইঙ্গিত দেয়। এছাড়া, ২০২৬-এর নির্বাচনে রেকর্ড হারে ভোটদান বিজেপির জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে। নতুন ভোটার এবং অতিরিক্ত ভোটারদের একটি বড় অংশ বিকল্প হিসেবে গেরুয়া শিবিরকে বেছে নেওয়ায় এই বড় ব্যবধান তৈরি হয়েছে। এই ফলাফল ভবিষ্যতে বাংলার শাসনব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোতে সুদূরপ্রসারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।