বাংলাদেশে ফের উত্তপ্ত পরিস্থিতি: ঢাকায় বাসে আগুন, কুষ্টিয়ায় বোমাবাজি, গ্রেফতার ৩৩৮

শীতের শুরুতেই বাংলাদেশের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী ঢাকার পল্লবী ও বাড্ডা এলাকায় দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাড্ডার ঘটনায় চালকের তৎপরতায় যাত্রীরা রক্ষা পেলেও, পল্লবীতে একটি ফাঁকা চলন্ত বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।

একই সময়ে কুষ্টিয়ায় বোমাবাজি এবং চট্টগ্রামসহ দেশের ছয়টি স্থানে পুলিশের কিয়স্কে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও গোপালগঞ্জসহ সাতটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একইসঙ্গে ১০৯ প্ল্যাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ পুলিশি অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের অন্তত ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেসসচিব কেএম শাখাওয়াত মুন, মাদারিপুরের প্রাক্তন জেলাশাসক ইলিয়াস হোসেন এবং সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন। শুধু ঢাকা থেকেই ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।

এদিকে, আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশে বিকাশ ও নগদের মতো পরিষেবা বন্ধ থাকায় গ্রাহকরা দৈনন্দিন লেনদেনে সমস্যায় পড়েছেন। গোয়েন্দা সূত্রের খবর, গ্রেফতারি এড়াতে বিভিন্ন জেলা থেকে পালিয়ে আসা ব্যক্তিদের কাছে অর্থ পৌঁছানো বন্ধ করতেই এই আর্থিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সব মিলিয়ে অগ্নিসংযোগ, বোমাবাজি ও ব্যাপক ধরপাকড়ের ঘটনায় বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *