বডি লোশন কি মুখের জন্য নিরাপদ? কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার অপরিহার্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শরীর ও মুখের ত্বকের জন্য কি একই পণ্য ব্যবহার করা উচিত? আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি এবং ক্লিভল্যান্ড ক্লিনিকের বিশেষজ্ঞরা এই বিষয়ে সতর্ক করছেন। তাঁদের মতে, সাধারণ বডি লোশন মুখে ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি।
বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন যে, আমাদের হাত-পায়ের তুলনায় মুখের ত্বক অনেক বেশি পাতলা ও সংবেদনশীল। বডি লোশনে প্রায়শই ভারী তেল বা মাখনের মতো উপাদান থাকে, যা মুখের লোমকূপ বন্ধ করে দিতে পারে। এর ফলস্বরূপ ব্রণ, ব্ল্যাকহেডস বা ত্বকে ছোট দানা দেখা দিতে পারে।
এছাড়াও, বডি লোশনে থাকা অতিরিক্ত সুগন্ধি মুখের ত্বকে লালচে ভাব, চুলকানি বা অ্যালার্জির কারণ হতে পারে। খসখসে ত্বকের জন্য লোশনে ব্যবহৃত ইউরিয়া বা ল্যাকটিক অ্যাসিডের মতো উপাদান মুখের নরম ত্বকে র্যাশ তৈরি করতে পারে। বিশেষ করে যাদের একজিমা বা ত্বকের পুরনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।
তাই মুখের জন্য সবসময় ত্বকের ধরন অনুযায়ী আলাদা ক্রিম ব্যবহার করা উচিত। তৈলাক্ত ত্বকের জন্য তেলমুক্ত হালকা ক্রিম এবং শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ক্রিম বেছে নেওয়া ভালো। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে সুগন্ধিহীন ক্রিম ব্যবহার করা শ্রেয়। তবে কিছু লোশনের প্যাকেটে যদি মুখ ও শরীর উভয় স্থানে ব্যবহারের উল্লেখ থাকে, তবে তা ব্যবহার করা যেতে পারে। যদি কোনো পণ্য ব্যবহারের পর ত্বকে জ্বালাপোড়া বা অস্বস্তি হয়, তবে তা অবিলম্বে বন্ধ করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।