সর্বভারতীয় টেনিস সংস্থার নির্বাচন: লিয়েন্ডার পেজ সহ-সভাপতি পদে, কিন্তু ফলাফল আটকে গেল আদালতে

আহমেদাবাদে আজ সর্বভারতীয় টেনিস সংস্থার (AITA) কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

লিয়েন্ডার বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁর বিপরীতে এই পদে লড়ছেন মহারাষ্ট্র লন টেনিস অ্যাসোসিয়েশনের কর্তা প্রশান্ত সুতার। লিয়েন্ডার বর্তমানে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদেও দায়িত্ব পালন করছেন।

সংস্থার সভাপতি পদের নির্বাচন নিয়েও টেনিস মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই পদের জন্য চিন্তন পারিখ ও রোহিত রাজপাল একে অপরের মুখোমুখি হয়েছেন।

তবে নির্বাচন ঘিরে যাবতীয় উত্তেজনার মধ্যেই আইনি জটিলতা তৈরি হয়েছে। দিল্লি আদালতের নির্দেশে আজ ভোটগ্রহণ সম্পন্ন হলেও এখনই ফলাফল ঘোষণা করা সম্ভব হচ্ছে না। নির্বাচন সংক্রান্ত একটি মামলা বিচারাধীন থাকায় আদালত ফলাফল স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ব্যালট পেপার সিলবন্ধ অবস্থায় রাখা হবে। আগামী ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদালতের সেই নির্দেশের ওপরই নির্ভর করছে নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী পদক্ষেপ। ফলে ভোটগ্রহণ হলেও আপাতত চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে সংশ্লিষ্ট সকলকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *