ফলাফল প্রকাশের আগেই খুনের হুমকি! তুমুল উত্তেজনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সকালেই উত্তপ্ত হয়ে উঠল খড়দহ বিধানসভা এলাকা। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব সম্পাদক সন্তু দাসের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে একটি হুমকিভরা পোস্টার এবং একটি সাদা কাফন। গণনার দিন সকালেই এমন নজিরবিহীন ঘটনায় সারদা পল্লী এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

হুমকির ভাষায় খুনের ইঙ্গিত

তৃণমূল নেতার বাড়ির দেওয়ালে সাঁটানো ওই পোস্টারে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘আগামীকাল তোমার শেষ দিন’। গণনার ঠিক আগে এমন ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছে শাসক দল। সন্তু দাসের দাবি, ফলাফল ঘোষণার আগে তাঁকে ও তাঁর পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই এই আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে জড়ো হন তৃণমূল কর্মী-সমর্থকরা এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

রাজনৈতিক চাপানউতোর ও নিরাপত্তার প্রশ্ন

এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির দিকে আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উত্তর পানিহাটি শহর তৃণমূল সভাপতি সুভাষ চক্রবর্তী অভিযোগ করেছেন, বাংলায় এক নতুন ও ভয়ঙ্কর ‘অপসংস্কৃতি’ আমদানির চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে একে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল বা নাটক বলে দাবি করেছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার মাহেন্দ্রক্ষণে এমন ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিল। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *