প্রেমিকার মৃত্যু: সারারাত মৃতদেহের পাশে বসে থাকার পর গ্রেপ্তার ইনফোসিস কর্মী

পুনের হিঞ্জেওয়াড়ির একটি পিজি আবাসনে এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। মৃত তরুণীর নাম কোমল দাহালে এবং অভিযুক্তের নাম শুভম কালবান্দে। দুজনেই পুনের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের বাসিন্দা এই যুগল গত সাড়ে তিন বছর ধরে সম্পর্কে ছিলেন এবং গত দুই-তিন বছর ধরে একসঙ্গে বসবাস করছিলেন। তাঁদের পরিবারের সদস্যরাও এই সম্পর্কের কথা জানতেন এবং বিয়ের বিষয়ে সম্মতি ছিল।

তদন্তে জানা গেছে, গত কয়েক মাস ধরে তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। কোমল সন্দেহ করতেন যে শুভম অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, যা নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো।

রবিবার রাতে বাইরে থেকে খাবার খেয়ে ফেরার পর রাত সাড়ে ১২টা নাগাদ তাঁদের মধ্যে ফের বচসা শুরু হয়। রাত ৩টে নাগাদ শুভম মেজাজ হারিয়ে কোমলকে এলোপাথাড়ি কিল ও ঘুষি মারতে শুরু করেন। গুরুতর আহত কোমল ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

অভিযুক্ত শুভম ঘটনার পর কোনো সাহায্য না চেয়ে দীর্ঘ কয়েক ঘণ্টা মৃতদেহের পাশেই বসে ছিলেন। সকাল সাড়ে ৬টা নাগাদ তিনি পুলিশকে ফোন করে অ্যাম্বুল্যান্সের জন্য অনুরোধ জানান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোমলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কোমলের শরীরে, বিশেষ করে চোখের চারপাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, এই হামলায় কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় মামলা রুজু করে শুভমকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *