বাণিজ্যিক গাড়ির মালিকদের জন্য স্বস্তি: বকেয়া কর ও জরিমানায় এককালীন ছাড় ঘোষণা রাজ্যের

রাজ্যের পরিবহণ দফতর বাণিজ্যিক গাড়ির মালিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। 'One Time Waiver Scheme 2026-27 for Penalty on due taxes and partial waiver of additional fees' শীর্ষক এই প্রকল্পের মাধ্যমে বকেয়া কর এবং ফিটনেস সার্টিফিকেট সংক্রান্ত জরিমানায় বড়সড় ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে।
এই প্রকল্পের আওতায়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যদি বকেয়া কর পরিশোধ করা হয়, তাহলে অর্থ প্রদানের তারিখ পর্যন্ত জমে থাকা জরিমানার সম্পূর্ণ ১০০ শতাংশ মকুব করা হবে। এছাড়াও, সময়মতো ফিটনেস সার্টিফিকেট (সিএফ) পুনর্নবীকরণ না করার ক্ষেত্রে যে অতিরিক্ত ফি ধার্য করা হয়, তাতেও আংশিক ছাড়ের সুবিধা মিলবে।
এই বিশেষ সুবিধা পেতে হলে বাণিজ্যিক যানবাহনের মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ করতে হবে এবং সিএফ নবীকরণের জন্য আবেদন করতে হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ এবং সময়মতো কর ও ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণে মালিকদের উৎসাহিত করা।
পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের বহু বাণিজ্যিক গাড়ির মালিক দীর্ঘদিন ধরে রোড ট্যাক্স না দেওয়ায় এবং বৈধ সিএফ না থাকায় সমস্যায় পড়েছিলেন। অর্থাভাবে কর দিতে না পেরে অনেক মালিক তাঁদের গাড়ি বসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। এই প্রকল্পের ফলে একদিকে যেমন বকেয়া রাজস্ব আদায়ের পথ সুগম হবে, তেমনই অন্যদিকে গাড়ি মালিকরাও বাড়তি জরিমানার বোঝা থেকে রেহাই পাবেন। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা রাজস্ব আদায়ের মাধ্যমে দফতরের প্রশাসনিক ও পরিকাঠামোগত কাজও গতি পাবে বলে আশা করা হচ্ছে।