প্রস্রাব আটকে রাখার এই মারাত্মক অভ্যাসে ধ্বংস হচ্ছে আপনার কিডনি!
কাজের চাপ, যানজট কিংবা সুলভ শৌচালয়ের অভাবে দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা নারী ও পুরুষ উভয়ের স্বাস্থ্যের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইউরোলজিস্টদের মতে, নিয়মিত এই অভ্যাস কিডনি ও মূত্রথলির মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে মূত্রতন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা স্বল্পমেয়াদে তলপেটে ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া এবং মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষত নারীদের ক্ষেত্রে ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে এবং শরীর থেকে ইউরিক অ্যাসিডের স্ফটিক তৈরির মাধ্যমে মূত্রথলিতে প্রদাহ সৃষ্টি হতে পারে।
দীর্ঘমেয়াদে এই অভ্যাস মূত্রথলির পেশিকে দুর্বল করে দেয়, যার ফলে মূত্রথলির স্বাভাবিক কার্যক্ষমতা হ্রাস পায় এবং এটি পুরোপুরি খালি করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতির পরিণামে মূত্রথলিতে পাথর হওয়া এবং কিডনিতে উচ্চচাপ সৃষ্টির মাধ্যমে অঙ্গ বিকল হওয়ার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। প্রোস্টেটের রোগী, ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি, গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি। কিডনি ও মূত্রথলি সুস্থ রাখতে চিকিৎসকরা প্রতি ৩–৪ ঘণ্টা অন্তর প্রস্রাব করা এবং পর্যাপ্ত পরিমাণে তরল পান করার পরামর্শ দিয়েছেন।