পোস্টাল ব্যালট নিয়ে বিধিভঙ্গের অভিযোগ! রিটার্নিং অফিসারের বিরুদ্ধে ফের কমিশনে তৃণমূল
আগামীকাল ৪ মে মহাগণনা। তার ঠিক আগের দিন কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমকে কেন্দ্র করে নতুন বিতর্ক দানা বাঁধল। ওই কেন্দ্রের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সরাসরি নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, নিয়ম বহির্ভূতভাবে পোস্টাল ব্যালট বাছাই বা সর্টিং করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।
নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি
তৃণমূলের অভিযোগ, রিটার্নিং অফিসার যেভাবে পোস্টাল ব্যালটগুলো নাড়াচাড়া করেছেন, তাতে গণনার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে পারে। কমিশনের কাছে পাঠানো চিঠিতে তৃণমূল দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে বা জনমতের প্রতিফলন রুখতেই এই ধরণের ‘কারচুপি’র চেষ্টা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
বিতর্কের কেন্দ্রে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র
উল্লেখ্য, এই প্রথম নয়, গত কয়েকদিন ধরেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল। এর আগে সেখানে ‘সন্দেহজনক গতিবিধি’ লক্ষ্য করার দাবি তুলে সরব হয়েছিলেন কুণাল ঘোষ, শশী পাঁজাদের মতো শীর্ষ নেতৃত্ব। সিসিটিভি বন্ধ থাকা থেকে শুরু করে মাঝরাতে স্ট্রংরুমের দরজা খোলা—একাধিক বিষয়ে বারবার অভিযোগ জমা পড়েছে কমিশনে। এবার রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সরাসরি নালিশ সেই বিতর্ককে আরও উসকে দিল।
তৃণমূলের চূড়ান্ত সতর্কতা
গণনার ঠিক ২৪ ঘণ্টা আগে এই অভিযোগের ফলে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কর্মীদের গণনাকেন্দ্রে শেষ পর্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পোস্টাল ব্যালট গণনায় কোনো ধরণের অস্বচ্ছতা যাতে না থাকে, তা নিশ্চিত করতেই তৃণমূলের এই ‘লিগ্যাল মুভ’ বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।