পুরনিয়োগ দুর্নীতিতে জোড়া তলব! ৬ মে ফের ইডি-র দপ্তরে হাজিরা দিতে হবে সুজিত ও রথীনকে

পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জাল আরও গুটিয়ে আনছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রীকে এবার একই দিনে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দমকলমন্ত্রী সুজিত বসুর পাশাপাশি তলব করা হল রাজ্যের আরেক মন্ত্রী রথীন ঘোষকেও। আগামী ৬ মে তাঁদের দুজনকেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সুজিত বসুকে সম্পত্তির নথি আনার নির্দেশ

গত শুক্রবারই পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের পর শুক্রবারই তাঁকে জানিয়ে দেওয়া হয় যে, তদন্তের স্বার্থে আগামী ৬ মে তাঁকে ফের হাজিরা দিতে হবে। শুধু তাই নয়, সোমবার হাজিরা দেওয়ার সময় তাঁকে নিজের অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। তদন্তকারী আধিকারিকরা তাঁর পেশ করা সম্পত্তির সেই নথিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।

একই দিনে রথীন ঘোষকেও তলব

সুজিত বসুর পাশাপাশি ওই একই দিনে, অর্থাৎ ৬ মে, রাজ্যের আরেক মন্ত্রী রথীন ঘোষকেও তলব করেছে ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়ানোর পর এবার তাঁকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।

নির্বাচনের ফলাফল ঘোষণার আবহের মধ্যেই রাজ্যের দুই মন্ত্রীকে ইডি-র এই জোড়া তলব রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার, ৬ মে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়ে দুই মন্ত্রী তদন্তকারীদের কী তথ্য দেন এবং তদন্তের জল কোন দিকে গড়ায়।

প্রতিবেদক: স্বাধীন মানব দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *