পাহাড়ে যাওয়ার পথে ধস! থমকে গেল পর্যটকদের সফর।
শিলিগুড়ির ১০ নম্বর জাতীয় সড়কে ধস, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা
শিলিগুড়ির সেবক কালীমন্দির ও করোনেশন সেতুর মাঝে ১০ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবারে ভোরে বড়সড় ধস নেমেছে। পাহাড় থেকে প্রচুর মাটি ও পাথর সড়কপথে নেমে আসায় শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঘপুল সংলগ্ন এলাকায় ধসের ফলে রাস্তার ওপর মাটির বিশাল স্তূপ জমে যাওয়ায় বর্তমানে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
সড়কের দুই পাশে আটকে পড়েছে বহু যানবাহন, যার ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট এবং নিত্যযাত্রী ও পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এনএইচআইডিসিএল (NHIDCL)-এর কর্মীরা এবং রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। প্রশাসনের ধারণা, পরিস্থিতি স্বাভাবিক করতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে কাজের গতি মূলত স্থানীয় আবহাওয়া ও ধসের বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করছে। যানজট এড়াতে যাত্রীদের আপাতত বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।