নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু গবেষণায় ইরানের বড় দাবি: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ফিউশন রি-অ্যাক্টর

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে দাঁড়িয়েও পরমাণু গবেষণায় এক উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে ইরান। দেশটির অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান মহম্মদ এসলামি জানিয়েছেন, ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে একটি নিউক্লিয়ার ফিউশন রি-অ্যাক্টর, যা ‘টোকা-ম্যাক’ নামে পরিচিত, তৈরির কাজ শুরু করেছে।

ইরানি বিজ্ঞানীরা কোনো বিদেশি সহায়তা ছাড়াই এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন। তাদের দাবি, নির্ধারিত সময়ের আগেই এই চুল্লি তৈরির কাজ সম্পন্ন হবে। এই প্রযুক্তি সফল হলে ইরান বিশ্বের হাতেগোনা সেই দেশগুলোর তালিকায় যুক্ত হবে, যাদের নিজস্ব ফিউশন রি-অ্যাক্টর রয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, এই নিউক্লিয়ার ফিউশন সিস্টেম থেকে উৎপাদিত শক্তি অত্যন্ত পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। এই চুল্লি থেকে প্রাপ্ত বিশেষ রেডিয়েশন ক্যান্সারসহ জটিল রোগ নির্ণয় ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, বিদ্যুৎ উৎপাদনের জন্য খনিজ তেলের ওপর নির্ভরতা কমলে ইরান তাদের তেল ও গ্যাস বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। দীর্ঘদিনের পানীয় জলের সংকট মেটাতেও এই প্রযুক্তি সহায়ক হবে বলে মনে করছে তেহরান।

তবে, ইরানের এই অগ্রগতি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, ফিউশন প্রযুক্তিতে ব্যবহৃত উচ্চ তাপমাত্রা ও নিউট্রন কণা সংক্রান্ত জ্ঞান ইরানকে ভবিষ্যতে হাইড্রোজেন বোমা তৈরিতে সহায়তা করতে পারে। এছাড়া, ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে ধোঁয়াশা রয়েছে। যদিও ইরান বরাবরই তাদের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং চিকিৎসা ও জ্বালানি গবেষণার জন্য বলে দাবি করে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *