আকভানের তাণ্ডবে হুগলিতে ব্যাপক ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১ ডিসেম্বর থেকে ধান কিনবে রাজ্য সরকার

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হুগলি জেলায় কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমন ধান কাটার মরসুমে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠেই নষ্ট হয়ে গেছে কৃষকদের পাকা ধান। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ২৬ হাজার ৯৫৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৬ হাজার ৬৪ হেক্টর আমন ধান, ১৭২ হেক্টর সর্ষে, ৭০৭ হেক্টর মসুর ডাল এবং ১৫ হেক্টর জমির ফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গোঘাট ১ ও ২, আরামবাগ এবং খানাকুল ১ ও ২ ব্লকে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। কৃষকদের ২৬ নভেম্বরের মধ্যে কৃষি রক্ষক হেল্পলাইন নম্বর ১৪৪৪৭, হোয়াটসঅ্যাপ নম্বর ৭০৬৫৫১৪৪৪৭ অথবা পিএমএফবিওয়াই পোর্টালে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। প্রতিটি ব্লকের বিডিওদের দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম কিষান এবং কৃষক বন্ধু প্রকল্পের তালিকাভুক্ত কৃষকদের থেকে ধান কেনা হবে।
সরকারিভাবে আগামী ১ ডিসেম্বর থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। হুগলি জেলায় মোট তিন লক্ষ ২৭ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ই-প্যাডি পোর্টালে কেওয়াইসি ও বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টসহ নাম নথিভুক্ত করতে হবে কৃষকদের। প্রতিটি পরিবার থেকে সর্বোচ্চ ৪৫ কুইন্টাল ধান কেনা হবে। প্রতি কুইন্টাল ধানের জন্য ২৪৪১ টাকা এবং খাদ্য দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত ২০০ টাকা মিলিয়ে মোট ২৬৪১ টাকা পাবেন কৃষকরা। সরকার অনুমোদিত সিপিসি কেন্দ্রগুলিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধান কেনা হবে।