নির্বাচন কমিশনারকে নিয়ে বিতর্কিত পোস্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ভবানীপুর থানার

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট করার অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ভবানীপুর থানা। পুলিশ সূত্রে খবর, আগামী শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
অভিযোগ, ওই পোস্টে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে কটাক্ষ করেছিলেন অভিষেক। এই পোস্টের মাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গত ২৭ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দায়ের করা ওই মামলার তদন্তের স্বার্থেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় ভবানীপুর থানা। সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই তলব বা হাজিরা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।