নিটের চাপে প্রাণ গেল মেধাবী ছাত্রের, কবে থামবে এই মরণখেলা?

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পুনঃপরীক্ষার মানসিক চাপ সহ্য করতে না পেরে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৯ বছর বয়সি এক তরুণী পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। মৃতার নাম অনুনকীর্তনা। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট পুনঃপরীক্ষার আগেই তাঁর এই আকস্মিক মৃত্যুতে গোটা রাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণীর ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে পরিবারের দাবি, দুবার নিট পরীক্ষায় অংশ নেওয়ার পর এবারও প্রস্তুতি নিচ্ছিলেন অঙ্কনকীর্তনা, কিন্তু সাম্প্রতিক বিতর্ক ও পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে তিনি চরম হতাশায় ভুগছিলেন এবং পড়াশোনায় মন বসাতে পারছিলেন না।

এই ঘটনার প্রেক্ষাপটে কোয়েম্বাটুরসহ তামিলনাড়ু জুড়ে নিট বাতিলের দাবিতে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। ডিএমকে-র নেতৃত্বে রাজ্যজুড়ে চলা এই বিক্ষোভের মূল দাবি, নিট পরীক্ষার বর্তমান ব্যবস্থা বেসরকারি কোচিং সেন্টারের শিক্ষার্থীদের সুবিধা দেয়, যা গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বঞ্চনার শিকার করে। উল্লেখ্য, নিট থেকে অব্যাহতি চেয়ে তামিলনাড়ু বিধানসভায় বিল পাস হলেও রাষ্ট্রপতির অনুমোদন না মেলায় তা কার্যকর হয়নি। এই মৃত্যু নিট পরীক্ষার বর্তমান কাঠামো এবং শিক্ষার্থীদের ওপর এর প্রভাব নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *