নিখোঁজ অমৃতাকে কি খুঁজে পাবে সিআইডি! চাঞ্চল্যকর মোড় রহস্যে
নিখোঁজ তরুণী অমৃতা সিংয়ের সন্ধানে সিআইডি-র বুলেটিনে তথ্য প্রকাশের সিদ্ধান্ত বীরভূম পুলিশের
বীরভূমের সিউড়ি থেকে তিন মাস আগে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া বছর চব্বিশের তরুণী অমৃতা সিংয়ের সন্ধানে বড় পদক্ষেপ নিল জেলা পুলিশ। তদন্তে গতি আনতে এবং ভিনরাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি সম্পর্কে অবগত করতে সিআইডি-র বিশেষ বুলেটিন ‘ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট’ (সিআইজি)-এ তরুণীর যাবতীয় তথ্য প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সিউড়ি থানা থেকে তরুণীর ছবি, শারীরিক বর্ণনা ও প্রয়োজনীয় নথিপত্র সিআইডি দপ্তরে পাঠানো হয়েছে।
নিখোঁজ ব্যক্তির সন্ধানে সিআইজি অত্যন্ত কার্যকর একটি মাধ্যম হওয়ায় পুলিশ এই কৌশল নিয়েছে। অমৃতা রাজ্যের বাইরে অন্য কোথাও গিয়েছেন কি না, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, সিআইজি বুলেটিনের মাধ্যমে নিয়মিত তথ্যের আদান-প্রদান করে তদন্তের পরিধি বাড়ানো হয়। প্রসঙ্গত, মেয়ের হদিশ পেতে দীর্ঘ সময় ধরে একক প্রচেষ্টায় চেষ্টা চালিয়ে যাওয়া অমৃতার বাবা অর্ধেন্দু সিংয়ের আকৃতির পর পুলিশ এ নিয়ে বিশেষ টিম গঠন করেছে এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাহায্যও নিচ্ছে।