নার্সিংহোমে পচাগলা দেহ, রহস্যের কিনারা কবে!
বীরভূমের রামপুরহাটে রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভগতের পারিবারিক মালিকানাধীন একটি বেসরকারি নার্সিংহোমের গোডাউন থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে ভাড়শালা মোড় সংলগ্ন ওই নার্সিংহোমের পুরনো মালপত্র রাখার জায়গা থেকে বুধবার সকালে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পরিচ্ছন্নতাকর্মীরা মৃতদেহটি দেখতে পান। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি কীভাবে সকলের নজর এড়িয়ে গোডাউনের ভেতরে প্রবেশ করলেন, তা স্পষ্ট নয়। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে, নার্সিংহোমটির মালিক পুরসভার চেয়ারম্যানের দাদা হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করাসহ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।