ধারের টাকা ফেরত না পেয়ে গৃহবধূকে খুন, গ্রেফতারের পর হাড়হিম করা স্বীকারোক্তি যুবকের!
হাওড়ার শিবপুরের ওলাবিবি তলা এলাকায় গৃহবধূ ভারতী হাজরাকে খুনের ঘটনায় রাজদীপ মুখোপাধ্যায় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে কাসুন্দিয়া শিবতলার বাসিন্দা ওই যুবককে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি খুনের কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, ধৃত রাজদীপ দাবি করেছেন যে, ভারতী হাজরাকে তিনি চড়া সুদে দেড় লক্ষ টাকা ধার দিয়েছিলেন। রাজদীপের মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সেই টাকা ফেরত চাইলে ওই গৃহবধূ তা দিতে অস্বীকার করেন এবং তাঁকে অপমান করেন। এই রাগের বশেই রাজদীপ ছুরি কিনে তাঁকে আবাসনের নিচে ডেকে এনে গলার নলি কেটে খুন করেছেন।
অন্যদিকে, নিহতের স্বামী সুব্রত হাজরা সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তাঁর ভাষ্যমতে, রাজদীপের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেওয়া হয়েছিল এবং তা নিয়মিত শোধও করা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজদীপ পুরো টাকা এককালীন শোধ করার জন্য মানসিক চাপ সৃষ্টি ও লোক পাঠিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন। টাকার পরিমাণের এই বৈপরীত্য এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রেখেছে পুলিশ। নিহত মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং সোমবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।