ধর্মান্তকরণের জন্যই দেশভাগ, দ্বিতীয়বার হতে দেব না! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
রাজ্যের একাধিক অঞ্চলসহ খোদ কলকাতার বস্তি এলাকাতেও গোপনে ধর্মান্তকরণের চেষ্টা চালানো হচ্ছে—এই অভিযোগ তুলে তীব্র সরব হলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। ধর্মান্তকরণ ইস্যুতে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি পাকিস্তানে ঐতিহাসিক হিন্দু মন্দির গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন।
বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ দাবি করেন, সুন্দরবন, জঙ্গলমহল এবং কলকাতার বিভিন্ন বস্তি এলাকায় ধর্মান্তকরণের প্রচেষ্টা সংক্রান্ত তথ্য তাঁদের কাছে রয়েছে। আগের সরকারগুলো শুধুই ভোটের রাজনীতির কথা ভেবে এসব এড়িয়ে গেলেও, এর ফলে সমাজে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বর্তমান সরকার ও প্রশাসন ইতিমধ্যেই এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে উল্লেখ করে তিনি সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেন। দিলীপ ঘোষ স্পষ্ট জানান, অতীতে এই ধর্মান্তকরণের পরিণতিতেই দেশভাগ দেখতে হয়েছিল, তাই ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।
অন্য দিকে, পাকিস্তানের ১২৫ বছরের পুরোনো একটি মন্দির ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, উন্নয়ন বা দেশ গড়ার দিকে নজর না দিয়ে পাকিস্তান বরাবরই অন্য ধর্মের মানুষের ওপর অত্যাচার ও ধর্মস্থান ধ্বংস করতে ব্যস্ত থেকেছে। বাংলাদেশ প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও ধর্মস্থান ভাঙা এসব দেশের রীতিমতো ‘ফ্যাশনে’ পরিণত হয়েছে, যা শেষ পর্যন্ত তাদের নিজেদের অস্তিত্বকেই বিপন্ন করে তুলছে।