দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অভিযুক্তের বাড়ি ভাঙল প্রশাসন, বিধায়কের হুঁশিয়ারি

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে বিজেপি নেতা শ্যামকুমার দাস খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিজয় নন্দীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। গত ১০ নভেম্বর রাতে ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক শ্যামকুমার দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় বিজয় নন্দী, অজয় নন্দী এবং প্রসূন পাণ্ডে নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের বিডিও দেবদীপ বৈরাগীর নেতৃত্বে এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসনের দাবি, ওই বাড়িটি সম্পূর্ণ অবৈধভাবে সরকারি জমিতে তৈরি করা হয়েছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আগে নোটিস দেওয়া হলেও পরিবারটি কোনো বৈধ নথি দেখাতে পারেনি। বিডিও দেবদীপ বৈরাগী জানিয়েছেন, নিয়ম মেনেই এই পদক্ষেপ করা হয়েছে এবং খুনের ঘটনার সঙ্গে এই উচ্ছেদের কোনো সম্পর্ক নেই।
বাড়ি ভাঙার সময় পরিবারের সদস্যদের বের করে আনা হয়, যার ফলে তারা এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, পুলিশ তাদের কাজ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের নেতার হত্যাকারীদের আগামী ১৫ দিনের মধ্যে সমূলে উৎখাত করা হবে। এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে আইন মেনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেছেন।