দলের নির্দেশে কাটমানি! অস্বস্তিতে তৃণমূল, টাকা ফেরালেন ৩ নেতা
আবাস যোজনার ‘কাটমানি’ ফেরত দিতে বাধ্য হলেন কোচবিহারের তিন তৃণমূল নেতা
আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে তীব্র জনরোষের মুখে পড়লেন কোচবিহারের শীতলকুচি ব্লকের তিন তৃণমূল নেতা। অভিযুক্তরা হলেন মনোজ অধিকারী, উত্তম বর্মন এবং ক্ষিতীশ দেব শর্মা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৯৪ নম্বর বুথ এলাকায় ঘর প্রতি আট থেকে দশ হাজার টাকা করে ‘কাটমানি’ নিয়েছিলেন এই নেতারা। সাম্প্রতিক সময়ে গ্রামবাসীদের প্রবল ক্ষোভের মুখে পড়ে অভিযুক্তরা সুদসহ প্রায় ৯০ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন।
টাকা ফেরত দেওয়ার সময় অভিযুক্ত নেতারা দাবি করেছেন, দলীয় নির্দেশ মেনেই তারা এই অর্থ সংগ্রহ করেছিলেন। মনোজ অধিকারী এবং উত্তম বর্মন নামে দুই নেতা সরাসরি স্বীকার করেছেন যে, দলের নির্দেশের কারণেই তারা এই টাকা তুলেছিলেন এবং এখন বাসিন্দাদের চাপে তা ফেরত দিচ্ছেন। এদিকে, ক্ষিতীশ দেব শর্মার ছেলে অক্ষয় দেব শর্মাও বাসিন্দাদের টাকা ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিজেদের দুর্নীতি ঢাকতে সরাসরি দলের ওপর দায় চাপানোর এই ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের অন্দরে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।