থালায় অন্ন নাকি মরণফাঁদ, বছরে ১৫ লক্ষ প্রাণ কেড়ে নিচ্ছে দূষিত খাবার!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, ২০২১ সালে বিশ্বজুড়ে দূষিত খাবার গ্রহণের ফলে প্রায় ১৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়েছেন ৮৬ কোটি ৬০ লক্ষের বেশি মানুষ। উন্নত চিকিৎসা ব্যবস্থার যুগেও বুনিয়াদি স্বাস্থ্যবিধি ও খাদ্য সংরক্ষণের অভাবকে এই বিপুল মৃত্যুর জন্য দায়ী করেছে সংস্থাটি। খাদ্যজনিত সংক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি, যা মোট সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশ। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় শিশুদের ক্ষেত্রে খাদ্যবাহিত ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবীর আক্রমণ দ্রুত প্রাণঘাতী হয়ে উঠছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে আরও উঠে এসেছে যে, খাদ্যজনিত মৃত্যুর প্রায় ৭৩ শতাংশের জন্য দায়ী বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এর মধ্যে ৪২ শতাংশ মৃত্যুর কারণ অজৈব আর্সেনিক এবং ৩১ শতাংশের জন্য সীসা ও মিথাইলমার্কারির মতো ভারী ধাতু দায়ী। এসব বিষাক্ত উপাদান শিশুদের মস্তিষ্কের বিকাশ ও স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বড়দের ক্ষেত্রে হৃদরোগ, স্ট্রোক ও ক্যানসারের মতো মারণব্যাধির ঝুঁকি তৈরি করছে। আধুনিক খাদ্য প্রক্রিয়াকরণ ও পরিবেশ দূষণের ফলে নিত্যকার খাবার যেভাবে বিষে পরিণত হচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *