থানা হামলার ছক বানচাল, ফলতাকাণ্ডে এবার পুলিশের জালে কুখ্যাত জাহাঙ্গিরের স্ত্রী!
দক্ষিণ ২৪ পরগনার ফলতাকাণ্ডে কুখ্যাত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার সুপরিকল্পিত ছক বানচাল করেছে প্রশাসন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নতুন করে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যার ফলে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। এছাড়া, জাহাঙ্গিরকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাঁর স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনসহ একাধিক গুরুতর ধারায় নতুন করে মামলা রুজু করেছে পুলিশ।
তদন্তে উঠে এসেছে, মঙ্গলবার জাহাঙ্গিরকে এলাকায় নিয়ে বের হওয়ার আগেই তাঁর স্ত্রীর নেতৃত্বে একটি গোপন বৈঠক হয়েছিল। সেই বৈঠকে থানা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সমর্থকদের জড়ো করে পরিকল্পিতভাবে হামলা চালানোর ছক কষা হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এদিকে, মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলার নির্দেশ দিয়েছেন। ধৃতদের জেরা করে এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা বাকিদের চিহ্নিত করার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।