তীব্র আর্থিক অনটনে বিবিসি, ছাঁটাই হতে পারে ২ হাজার কর্মী!
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, বিশ্বজুড়ে লাগাতার মূল্যবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে সৃষ্ট আর্থিক সংকটের মুখে পড়ে বিশ্বের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম বিবিসি প্রায় ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। এই সিদ্ধান্তের ফলে সংস্থার সংবাদ বিভাগের শয়ে শয়ে সাংবাদিক ও সংবাদকর্মী কর্মহীন হওয়ার ঝুঁকিতে রয়েছেন। দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্ব বজায় রাখতে বিবিসি কর্তৃপক্ষ সব বিভাগে ১০ শতাংশ বাজেট কমানোর পাশাপাশি কঠোর ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে এই ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে।
ডিজিটাল দুনিয়ায় তীব্র প্রতিযোগিতার বাজারে বিবিসির আয়ের তুলনায় ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বর্তমানে ২০ হাজারেরও বেশি কর্মী নিয়ে পরিচালিত এই সংস্থার ব্যয়ভার সামলাতে কর্তৃপক্ষ ইতিমধ্যে নতুন কর্মী নিয়োগ স্থগিত এবং পেশাগত ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এছাড়া বিভিন্ন কনফারেন্স, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পরামর্শক খাতে ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন ডিরেক্টর জেনারেল ম্যাট ব্রিটেন। তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি।