তিস্তায় চিনের হাতছানি, দিল্লির কপালে চিন্তার ভাঁজ!

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে চিনের সাথে চুক্তিবদ্ধ বাংলাদেশ

দীর্ঘদিন ধরে ভারতের সাথে ঝুলে থাকা তিস্তা জলবণ্টন চুক্তির সুরাহা না হওয়ায়, তিস্তা নদী ব্যবস্থাপনার জন্য এবার চিনের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি চিন সফরে গিয়ে সে দেশের জলসম্পদ মন্ত্রী লি গুয়িংয়ের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রণ, সেচ, নৌ-পরিবহন ও নদী ব্যবস্থাপনা প্রকল্পে কারিগরি সহায়তার জন্য চিনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের জলসম্পদ ব্যবস্থাপনায় পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বেজিং এবং এ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য বাংলাদেশি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তিস্তা নদীর বেশিরভাগ অংশ ভারত হয়ে বাংলাদেশে প্রবাহিত হওয়ায় এবং এর উৎপত্তি ভারতের সিকিমে হওয়ায় এই প্রকল্পে ভারতের অনুপস্থিতি কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক মহলের মতে, তিস্তা ইস্যুতে চিনকে তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত করায় ভারতের সীমান্তের কাছাকাছি চিনের প্রভাব বলয় সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। ২০০৫ সালের একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে চিন এই কারিগরি সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে। বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্পকে কেন্দ্র করে বাংলাদেশ ও চিনের এই ক্রমবর্ধমান সখ্যতা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারতের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *