তারাতলা দুর্ঘটনার পরেই কড়া পদক্ষেপ, বেআইনি নির্মাণ রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যে!
তারাতলার দুর্ঘটনার পর রাজ্যে নির্মাণ সংক্রান্ত নিয়মাবলী আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে কোনও নির্মাণ ক্ষেত্রে সুরক্ষা বিধি লঙ্ঘন বরদাস্ত করা হবে না। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট ভবনের নকশায় গুরুতর ত্রুটি ধরা পড়েছে। পূর্ববর্তী সরকারের আমলে দেওয়া অনুমোদনে দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিয়ম বহির্ভূত বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গার্ডেনরিচ বা তারাতলার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধ করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
এই নির্দেশিকা কার্যকর করতে কলকাতা পুরসভাকে নোডাল সংস্থা করে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, সয়েল টেস্ট বিশেষজ্ঞ ও পুলিশ প্রতিনিধিদের নিয়ে গঠিত এই দল শুক্রবার থেকেই মাঠে নেমে পড়েছে। কলকাতা, বিধাননগর, রাজারহাট-নিউটাউন, হাওড়া পুরসভার আংশিক এলাকাসহ গঙ্গার তীরবর্তী সমস্ত নির্মীয়মাণ প্রকল্প এখন কড়া নজরদারির আওতায়। তবে রেল, মেট্রো, জাতীয় সড়ক, স্টেট হাইওয়ে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জরুরি উন্নয়নমূলক প্রকল্পগুলিকে এই বিশেষ নির্দেশিকার বাইরে রাখা হয়েছে।
বিশেষ এই সেফটি অডিটে তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হবে। গুরুতর নিয়মভঙ্গ হলে প্রকল্পের আবেদন বাতিল, আংশিক ত্রুটি থাকলে সংশোধনের নির্দেশ এবং সবকিছু ঠিক থাকলে কাজের ছাড়পত্র দেওয়া হবে। ৩১ জুলাইয়ের মধ্যে প্রাথমিক অডিট শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও, ছাড়পত্র পাওয়া প্রকল্পগুলো তৎক্ষণাৎ কাজ শুরু করতে পারবে। পাশাপাশি, আগামী ৯০ দিনে রাজ্যের সমস্ত বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি নিরাপত্তা এবং বজ্রপাত নিরোধক ব্যবস্থার মতো জরুরি সুরক্ষাকবচ খতিয়ে দেখার দায়িত্বও এই কমিটিকে দেওয়া হয়েছে।