তারাতলা কাণ্ডের পর নড়েচড়ে বসল প্রশাসন, রাজ্যে বহুতল অডিটের নির্দেশ!

গার্ডেনরিচ, কসবা, তিলজলা ও তারাতলার মতো এলাকায় একের পর এক ভবন বিপর্যয়ের প্রেক্ষিতে রাজ্য সরকার নির্মাণ নীতিতে বড়সড় বদলের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় বিশেষ ‘স্ট্রাকচারাল অডিট’ করা হবে। অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের এই কমিটিতে রাইটস (RITES) এবং আইআইটি খড়গপুরের মতো বিশেষজ্ঞ সংস্থার প্রতিনিধিদের রাখা হয়েছে। কলকাতা ও বিধাননগর ছাড়াও পূজালী, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি এবং হাওড়ার গঙ্গা সংলগ্ন এলাকাগুলো এই অডিটের আওতায় থাকবে। তবে রেল, মেট্রো, বন্দর এবং জাতীয় বা রাজ্য সড়কের মতো সরকারি প্রকল্পগুলো অডিটের বাইরে রাখা হয়েছে।

নির্মাণ কাজ নিয়ে কড়া অবস্থান জানিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব নির্মাণকাজ বন্ধ করা হবে না; সাধারণ বাড়ি মেরামত বা সংস্কারের কাজ এই নির্দেশের আওতামুক্ত থাকবে। যে সব প্রকল্পের অডিট সম্পন্ন হবে, শুধুমাত্র সেই প্রকল্পগুলোই ছাড়পত্র পাবে, আর বড় ধরনের অনিয়ম ধরা পড়লে তা সরাসরি বাতিল করা হবে। এছাড়া, নির্মাণ অনুমোদনে দুর্নীতি বা জালিয়াতির ক্ষেত্রে সরাসরি থানায় এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, জি+৫ বা তার বেশি উচ্চতার ভবনকে এবার থেকে ‘হাইরাইজ’ হিসেবে গণ্য করা হবে এবং আগামী ৯০ দিনের মধ্যে সমস্ত বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি-নিরাপত্তা ও বজ্রপাত নিরোধক যন্ত্রের অডিট করা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যে তারাতলা ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযুক্ত আর্কিটেক্ট ও ডিজাইনারদের কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *