তারকেশ্বরে মোদীর মেগা সভা, আনন্দে ভাসবে বাংলা!
আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে এবং এই মেগা সভায় বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ও ভিড়ের চাপ সামলাতে পূর্ব রেলের পক্ষ থেকে ৭টি বিশেষ ইএমইউ ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।
সাধারণ মানুষ ও সরকারি প্রকল্পের উপভোক্তারা যাতে নির্বিঘ্নে সভাস্থলে পৌঁছাতে পারেন, সেজন্য আরামবাগ মহকুমার চারটি বিধানসভা এলাকা থেকে শতাধিক বাস ও ট্রেন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। মহকুমা প্রশাসনের সঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক ও পুরসভার জনপ্রতিনিধিরা দফায় দফায় বৈঠক করছেন। এরই অংশ হিসেবে হাওড়া, শেওড়াফুলি, তারকেশ্বর ও গোঘাট শাখায় ট্রেনগুলি চলাচল করবে, যা নির্ধারিত রুটের প্রতিটি স্টেশনে থামবে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে হাওড়া-আরামবাগ ইএমইউ লোকাল ট্রেনটির যাত্রাপথ ওই দিনের জন্য গোঘাট পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।