তারকেশ্বরে বর্ণিল পশ্চিমবঙ্গ দিবস, মোদীর মুখে শ্যামাপ্রসাদের জয়গান!
হুগলির তারকেশ্বরে কঠোর নিরাপত্তা ও রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো সরকারিভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপিত হলো। রাজ্যের নতুন সরকারের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে কলকাতায় পৌঁছান। তারকেশ্বরের সভামঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে ডোকরার দুর্গামূর্তি, বাবা তারকনাথের ছবি এবং বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে রাজ্যপাল আরএন রবিসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চত্বরটি বাংলার কৃষ্টি ও সংস্কৃতির আদলে সাজিয়ে তোলা হয়েছিল, যেখানে হলুদ ট্যাক্সি, হাতে টানা রিকশা এবং দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। মঞ্চসজ্জায় থাইল্যান্ড ও তামিলনাড়ু থেকে আনা বিশেষ ফুল ব্যবহার করা হয়েছে। ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্তকে স্মরণীয় করে রাখতে বর্তমান সরকার এই দিনটিকে রাজ্য দিবস হিসেবে বেছে নিয়েছে। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্ব এবং বাংলাকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রক্ষার লড়াইকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের মানুষকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।