ডেঙ্গি দমনে পথে নামল রাজ্য, গণ-আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রীর! – বর্তমান বাংলা
বর্তমান ডেস্কঃ
September 7, 202611:33 am
কলকাতা: রাজ্যে ডেঙ্গির প্রকোপ নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। পরিস্থিতি মোকাবিলায় পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে গত তিন দিন ধরে রাজ্যজুড়ে পরিচালিত হলো বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ‘স্বচ্ছতা সংকল্প অভিযান’। রবিবার সামাজিক মাধ্যমে এই অভিযানের সামগ্রিক সাফল্যের পরিসংখ্যান প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের ২২টি জেলার ১২৮টি পুরসভার ১৬০০-রও বেশি ওয়ার্ডে এই কর্মসূচি একযোগে পরিচালিত হয়েছে। গত তিন দিনে রাজ্যজুড়ে ৬,০৬৫টি নর্দমা এবং ১,৬০৮টি আবর্জনা ফেলার স্থান পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং ৫৪৪টি সরকারি কার্যালয়েও অভিযান চালানো হয়। এই বৃহৎ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় ১১৮টি স্বেচ্ছাসেবী সংস্থা।
অভিযানের সাফল্য তুলে ধরে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এই পরিচ্ছন্নতা উদ্যোগকে এক বৃহৎ সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, “শুধু এলাকা পরিষ্কার করাই যথেষ্ট নয়, নিজেদের পারিপার্শ্বিক অঞ্চলকে নিয়মিত পরিচ্ছন্ন রাখার সংকল্প নিতে হবে। নিজেদের সুস্থ রাখতে ও পরিবেশ রক্ষা করতে আসুন এই স্বচ্ছতা অভিযানকে সর্বাত্মক জনআন্দোলনে পরিণত করি।”