গিগ কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে অ্যাপ-নির্ভর সংস্থাগুলোর ওপর বড় আর্থিক ধাক্কা! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
September 7, 202612:33 pm
ভারতে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। ‘সামাজিক সুরক্ষা আইন, ২০২০’-এর অধীনে ওলা, উবার কিংবা বিভিন্ন ফুড ও কুরিয়ার ডেলিভারি সংস্থাগুলির ওপর নির্দিষ্ট চাঁদা বা অবদান দেওয়া বাধ্যতামূলক করার তোড়জোর শুরু হয়েছে। এর ফলে দেশের লক্ষ লক্ষ ক্যাব চালক ও ডেলিভারি কর্মীরা সরাসরি সরকারি সামাজিক সুরক্ষা তহবিলের সুবিধা পাবেন।
বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই অর্থ আদায়ের পদ্ধতি নিয়ে চূড়ান্ত আলোচনা চালাচ্ছে। সরকারের চিন্তাভাবনায় মূলত দুটি বিকল্প রয়েছে—সংস্থার বার্ষিক টার্নওভারের ১ থেকে ২ শতাংশ চাঁদা ধার্য করা, অথবা গিগ কর্মীদের দেওয়া মোট পেমেন্টের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত হার নির্ধারণ করা। নিয়ম অনুযায়ী, কোনও কর্মী এক অর্থবর্ষে একটি সংস্থায় ৯০ দিন বা একাধিক সংস্থায় মোট ১২০ দিন কাজ করলেই এই সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় চলে আসবেন।
বিশেষজ্ঞদের মতে, লেনদেন-ভিত্তিক মডেল চূড়ান্ত হলে কম মূল্যের কিন্তু বেশি সংখ্যার অর্ডারের ওপর নির্ভরশীল সংস্থাগুলোর ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। এতে খাদ্য সরবরাহ ও রাইড-হেইলিং প্ল্যাটফর্মগুলির পরিচালনা খরচ বাড়লেও, দীর্ঘমেয়াদে গিগ কর্মীদের কাজের সুরক্ষা ও ভবিষ্যৎ অনেকটাই নিশ্চিত হবে।