‘ডন ৩’ বিতর্ক: রণবীরের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক অ্যামি ভির্ক!
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর জেরে অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট। শুটিং শুরুর ঠিক আগে অভিনেতার এমন সিদ্ধান্তে তৈরি হওয়া এই জটিলতা নিয়ে চলচ্চিত্র মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে রণবীর সিংয়ের সমর্থনে এগিয়ে এসেছেন পাঞ্জাবি অভিনেতা ও গায়ক অ্যামি ভির্ক। এক সাক্ষাৎকারে অ্যামি অভিযোগ করেন, রণবীরের ক্যারিয়ার যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন প্রযোজকদের এমন আগ্রহ দেখা যায়নি। তিনি দাবি করেন, ক্ষতিপূরণের নামে এই বিশাল অঙ্কের দাবি অবাস্তব এবং কোনো বকেয়া থাকলে তা পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এছাড়া বন্ধু রণবীরের ঘুরে দাঁড়ানোর শক্তির ওপর আস্থা রেখে অ্যামি জানান, সম্প্রতি তাদের ব্যক্তিগত আলাপচারিতায় রণবীর তার কাজের প্রতি একনিষ্ঠতা প্রকাশ করেছেন। অ্যামির মতে, রণবীরের জীবনে কন্যাসন্তানের আগমন তার ভাগ্য বদলে দেবে এবং এই নতুন অধ্যায় অভিনেতার পরিশ্রমের সঠিক মূল্যায়ন বয়ে আনবে।