জোকা মেট্রো ছুটবে ইডেন গার্ডেন্স পর্যন্ত, যাত্রীদের জন্য দারুণ সুখবর!
জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের সম্প্রসারণ, ইডেন গার্ডেন্স পর্যন্ত মিলবে পরিষেবা
কলকাতা মেট্রোর জোকা-এসপ্ল্যানেড করিডরকে আরও সম্প্রসারিত করার সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে রেলমন্ত্রক। এখন থেকে এই রুটের মেট্রো পরিষেবা এসপ্ল্যানেডের পরিবর্তে ইডেন গার্ডেন্স পর্যন্ত বিস্তৃত হবে। এই প্রকল্পের আওতায় এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত আরও প্রায় ১২০০ মিটার লাইন সম্প্রসারণ করা হবে। নতুন এই স্টেশনটি মোহনবাগান ক্লাবের ঠিক উল্টো দিকে তৈরি হবে এবং এর জন্য প্রয়োজনীয় জমিও চিহ্নিত করা হয়েছে। ইডেন গার্ডেন্স সার্কুলার রেলওয়ে স্টেশনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যেই রেলমন্ত্রক এই যুগান্তকারী সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে।
বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলাচল করছে এবং মোমিনপুর থেকে মেট্রোর রুট ভূগর্ভে প্রবেশ করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচ পর্যন্ত টানেল তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং পার্ক স্ট্রিট স্টেশনের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ২০২৭-২৮ সালের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন এই সম্প্রসারণের অনুমোদন মেলায় প্রকল্পটির কাজের গতি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।